
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—র ঝালকাঠি জেলা আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হওয়ায় নবগঠিত কমিটির সকল সদস্য ও নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি’র) যুগ্ম মুখ্য সংগঠক ও মাননীয় সংসদ সদস্য ডা মাহমুদা মিতু।
তার ভেরিফাই ফেসবুকে এক বিশেষ বিবৃতিতে তিনি নবগঠিত এই কমিটিকে স্বাগত জানান এবং ঝালকাঠি জেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত সংস্কার ও অবহেলিত মানুষের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানান।
বিবৃতিতে ডা মাহমুদা মিতু বলেন, “ঝালকাঠির বহু অঞ্চলের রাস্তাঘাট এখনো অত্যন্ত নাজুক ও অনুন্নত। শিক্ষা, চিকিৎসা ও স্থানীয় যোগাযোগ ব্যবস্থাতেও রয়েছে মারাত্মক সীমাবদ্ধতা। গ্রামের মেহনতি মানুষের প্রতিদিনের জীবনসংগ্রাম আর কষ্ট আমি অত্যন্ত কাছ থেকে প্রত্যক্ষ করেছি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এখানকার কতিপয় অসাধু রাজনৈতিক নেতা জনগণের প্রাপ্য হক ছিনিয়ে নিয়ে নিজেরা আঙুল ফুলে কলাগাছ হয়েছেন, অথচ জেলার মৌলিক কোনো সুষম উন্নয়ন তারা করেননি। অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের এই জেলা শহরটি অনেক উপজেলার চেয়েও অবকাঠামোগত দিক থেকে পিছিয়ে রয়েছে।”
তিনি আরও জোর দিয়ে বলেন, “ঝালকাঠিতে এখন দল—মত নির্বিশেষে একঝাঁক নিরপেক্ষ ও সৎ নেতৃত্ব প্রয়োজন, যারা ব্যক্তিস্বার্থ ভুলে সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে। শহর ও গ্রামের সাধারণ মানুষের দুঃখ—দুর্দশা লাঘবে দরদ নিয়ে এগিয়ে আসবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কোনো একটি অঞ্চলের ভাগ্য বদলাতে বিশাল জনগোষ্ঠীর প্রয়োজন হয় না; কেবল কিছু সৎ, সাহসী ও নিবেদিতপ্রাণ মানুষের ভালো উদ্যোগই ইতিবাচক পরিবর্তন ও সফলতা আনতে পারে। নবীন রাজনৈতিক দল হিসেবে এনসিপি যতটুকু এগিয়ে গেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আশা করি, নবগঠিত এই কমিটির মাধ্যমে ঝালকাঠিতে সেই কাঙ্ক্ষিত ও জনকল্যাণমুখী নেতৃত্ব গড়ে উঠবে।”
ডা মাহমুদা মিতু আরও জানান, বর্তমানে ঘোষিত আংশিক জেলা কমিটির তত্ত্বাবধানে খুব শীঘ্রই পূর্ণাঙ্গ জেলা কমিটি এবং জেলার চারটি উপজেলা—ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়ায় শক্তিশালী নতুন উপজেলা কমিটি গঠন করা হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি’র) মূলনীতি ও আদর্শের সাথে একাত্মতা পোষণ করে ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলার যেসব উদ্যমী ও সৎ ব্যক্তি নতুন ধারার এই রাজনীতিতে যুক্ত হতে আগ্রহী, তাদেরকে সরাসরি জেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।