
পিরোজপুরের কাউখালীতে ২০২৬—২০২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় মৎস্য চাষীদের নিয়ে মাছের অভয়াশ্রম ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা এগারোটায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা মৎস্য অফিসার সঞ্জীব সননামত। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান। উপজেলার বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত ৩০ জন মৎস্য চাষী এই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার মৎস্য সম্পদ রক্ষায় অভয়াশ্রমের গুরুত্ব তুলে ধরে বলেন,প্রাকৃতিক মৎস্য প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে অভয়াশ্রমগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। অবৈধ জাল বা ক্ষতিকর উপায়ে মাছ শিকার করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা মৎস্য অফিসার সঞ্জীব সননামত বলেন,মাছের অবাধ বংশবৃদ্ধির জন্য নদী ও খালের অভয়াশ্রমগুলোতে নির্বিঘ্নে মাছের চলাচল নিশ্চিত করতে হবে। বর্ষা মৌসুমে মা মাছ নিধন থেকে বিরত থাকতে হবে।আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে মাছ চাষ করলে উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায়। পুকুর বা জলাশয়ের পানির গুণগত মান রক্ষা এবং সুষম খাদ্য ব্যবহারের বিকল্প নেই।