
পিরোজপুরের কাউখালীতে উপজেলা সদরে অবস্থিত ৫৭ নম্বর কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জরাজীর্ণ ভবন, ছাদ থেকে পলেস্তারা খসে পড়া, সামান্য বৃষ্টিতে বিদ্যালয়ের মাঠ তলিয়ে যাওয়া এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সুযোগ—সুবিধার অভাবে চরম দুর্ভোগে রয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন অভিভাবকরাও।
১৯৮৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি বর্তমানে দুই শিফটে পরিচালিত হচ্ছে। এখানে ১৭৫ জন শিক্ষার্থীর বিপরীতে কর্মরত রয়েছেন ছয়জন শিক্ষক। তবে পাঠদানের পাশাপাশি এখন বিদ্যালয়ের সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এর জরাজীর্ণ অবকাঠামো।
বিদ্যালয়ের শিক্ষকদের বসার স্থান ও লাইব্রেরি কক্ষটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ছাদ চুইয়ে পানি পড়ার পাশাপাশি প্রায়ই পলেস্তারা খসে পড়ছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর আগে ভবনের পলেস্তারা ধসে শিক্ষক ও অভিভাবকদের আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের পুরোনো ভবনটির বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়েছে। ফলে আতঙ্ক নিয়েই শ্রেণিকক্ষে পাঠদান ও পাঠগ্রহণ করতে হচ্ছে। অন্যদিকে সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে যায়। স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি কিছুটা বেশি বাড়লেই বিদ্যালয়ের চারপাশ পানিতে ডুবে যায় এবং যাতায়াত ব্যাহত হয়। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় অতিবৃষ্টিতে বিদ্যালয়টি পানিবন্দি হয়ে পড়ে।
এ ছাড়া পর্যাপ্ত খেলার মাঠ না থাকা এবং বাথরুমের নানা সমস্যার কারণে শিক্ষার্থীদের নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও নিরাপত্তা নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের দাবি, দ্রুত একটি ঊর্ধ্বমুখী নতুন ভবন নির্মাণ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করতে গিয়ে নিজেদের ভয়ের কথা জানিয়ে শিক্ষার্থী নুহাস বলে, ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করতে আমাদের খুব ভয় লাগে। কখন কী ঘটে যায়, সেই আতঙ্কে সবসময় থাকতে হয়।
উদ্বেগ প্রকাশ করে অভিভাবক কাকলি রহমান বলেন, “বিদ্যালয়ের পুরোনো ভবনটি এতটাই ঝুঁকিপূর্ণ যে সন্তানদের স্কুলে পাঠাতে আমাদের বুক কাঁপে। যেকোনো সময় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথিকা সাহা বলেন, “ঝুঁকিপূর্ণ লাইব্রেরি ও ভবনে আমাদের অত্যন্ত ভয় নিয়ে বসতে হয় এবং কার্যক্রম পরিচালনা করতে হয়। পুরোনো ভবনের সমস্যার বিষয়টি ইতোমধ্যে একাধিকবার উপজেলা শিক্ষা অফিসকে লিখিত ভাবে জানানো হয়েছে।
এ বিষয়ে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াহিদুর রহমান বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। বিদ্যালয়ের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।