
পিরোজপুর সদর উপজেলায় আব্দুর রহিম (৪৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব শিকদার মল্লিক এলাকায় শিকদার মল্লিক দাখিল মাদ্রাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত আব্দুর রহিম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি পূর্ব শিকদার মল্লিক গ্রামের ওমর আলীর ছেলে।
স্বজনদের অভিযোগ হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং তার বাম পা ভেঙে দেয়। আহত অবস্থায় আব্দুর রহিমকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত আব্দুর রহিমের বড় ভাই সেকেন্দার শেখ বলেন, ১০ থেকে ১২ জন মিলে আমার ভাইয়ের ওপর হামলা চালায়। তার মাথার বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। এ ছাড়া বাম পা ভেঙে দেওয়া হয়েছে এবং পায়ের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি অভিযোগ করে বলেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আব্দুর রহিমকে কুপিয়ে জখম করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে জানানো হয়েছে।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।