
বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. মামুন (২৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। স্বজন ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, অসুস্থ হয়ে শ্বাসকষ্ট হওয়ায় বারবার নার্সদের ডাকাডাকি করে সাড়া পাননি তিনি। উল্টো রোগীর অসুস্থতাকে নাটক করেন বলে মন্তব্য করেন কর্তব্যরত নার্সরা।
পরে অবস্থার অবনতি হয়ে রক্তবমি করতে করতে ওই রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলা ও দুর্ব্যবহারের অভিযোগে কর্তব্যরত চার সিনিয়র স্টাফ নার্সকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরের দিকে বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্তব্যরত ওই চার নার্সকে কারণ দর্শানোর এ নোটিশ প্রদান করা হয়। এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে ভুক্তভোগী রোগী মামুনের মৃত্যু হয়।
অভিযুক্ত ওই নার্সরা হলেন, আফরিন জান্নাত, শীলা হাওলাদার, রুমানা ফেরদৌস ও মাহফুজা আক্তার। তারা সকলেই বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত আছেন। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদেরকে কারণ দর্শানোর ওই নোটিশের জবাব প্রদান করতে নির্দেশ প্রদান করেছে হাসপাতালে কর্তৃপক্ষ।
কারণ দর্শানোর ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকার বাসিন্দা মো. মামুনকে অসুস্থ অবস্থায় শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালের মেডিসিন বিভাগে তাকে ভর্তি করা হয়। তবে ভর্তি হওয়া রোগী মামুনের বিষয়ে অবহেলা করে ডেস্কে বসে থেকে নাটক করেন বলে জানায় কর্তব্যরত নার্সরা। এরপর ওই দিন রাত ১১টার দিকে মামুনের শারীরিক অবস্থার অবনতি হয়ে রক্ত বমি করতে থাকা অবস্থায় মৃত্যু হয়।
এ ছাড়াও আরও উল্লেখ করা হয়, অসুস্থ অবস্থায় মামুন মারা যাওয়ার আগে ও পরে তার সম্পর্কে ইমার্জেন্সি বিভাগে কর্মরত চিকিৎসককে অবহিত না করে নার্সরা ডেস্কে বসে থাকেন। পরে রোগীর স্বজন ও স্থানীয়রা হাসপাতালে এসে ভর্তিকৃত রোগীর ব্যবস্থাপত্র না করে ডেস্কে বসে থাকাসহ খারাপ আচরণ ও অবহেলার দাবিতে কর্তব্যরত ওই নার্সদের বিরুদ্ধে অভিযোগ কারণে। এ কারণেই দায়িত্বে অবহেলা ও খারাপ আচরণের অভিযোগে হাসপাতালে কর্তব্যরত ওই চার সিনিয়র স্টাফ নার্সকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর স্বজন মোসা. সেতারা বেগম বলেন, রাতে মারা যাওয়া ওই রোগীর হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়। নার্সদেরকে বিষয়টি জানালেও তারা কোনো গুরুত্ব দেয়নি। উল্টো তারা বলেছেন আপনারা অভিনয় শুরু করেছেন। বারবার বলার পরেও নার্স না আসায় সঠিক চিকিৎসা না পেয়ে ওই রোগীর মৃত্যু হয়েছে। কিন্তু মারা যাওয়ার প্রায় ৩০ মিনিট পর নার্স এসে ইসিজি করেছেন।
মো. বেলাল নামে হাসপাতালে চিকিৎসাধীন আরেক প্রত্যক্ষদর্শী বলেন, রাতে ওই রোগী বেশি অসুস্থ হয়ে পড়লে শ্বাসকষ্ট বেড়ে যায়। নার্সদের ডাকলেও তারা আসেনি। এমনকি রাতে কাউকে না পেয়ে নিজের ওষুধ নিজেই খেয়েছেন ওই রোগী। কিন্তু ওই সময় নার্স আসলে হয়ত রোগীটা মারা যেতোনা।
অভিযোগের বিষয় জানতে হাসপাতালের দায়িত্বে থাকা অভিযুক্ত সিনিয়র স্টাফ নার্স রুমানা ফেরদৌসের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, মারা যাওয়া ওই রোগীর সঙ্গে শুধু তার মা ছাড়া আর কোনো স্বজন ছিল না। অসুস্থতার বিষয়ে আমাদেরকে জানালে চিকিৎসকের কাছে পাঠিয়ে অক্সিজেনের ব্যবস্থা করেছি। এ ছাড়া প্রয়োজনীয় মেডিসিনও তাকে দেওয়া হয়েছে। রোগী বা স্বজনদের সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি।
অভিযুক্ত আরেক সিনিয়র স্টাফ নার্স মাহফুজা আক্তার মোবাইল ফোনে বলেন, রাতে মেডিসিন ওয়ার্ডের দায়িত্বে ছিলাম। কিন্তু আমাদের ওয়ার্ডে মারা যাওয়া ওই রোগী বা স্বজনদের সঙ্গে কোনো খারাপ আচরণের ঘটনা ঘটেনি। তবে বিকেলের শিফটে যারা দায়িত্বে ছিল, তাদের সঙ্গে এমন কিছু হয়েছে এবং ওই রোগীকে অভিনয় করেন বলা হয়েছে শুনেছি। কিন্তু রাতে আমাদের সঙ্গে কিছুই হয়নি।
বরগুনা জেনারেল হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক মো. হাবিবুর রহমান বলেন, মৌখিকভাবে শুনেছি মারা যাওয়া ওই রোগীকে অভিনয় করছেন বলা হয়েছে। যদি এমন কথা বলা হয় তাহলে তা কোনোভাবেই ঠিক হয়নি। কারণ নার্সরাই হচ্ছে হাসপাতালে রোগীদের যেকোনো সমস্যা সমাধানের মাধ্যম। এ ঘটনায় নার্সদের সম্পৃক্ততা থাকলে হাসপাতালের তত্ত্বাবধায়ক মহোদয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।