
ঝালকাঠির রাজাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি মো. আলী হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি ওই গ্রামের মৃত আনেচ মোল্লার পুত্র।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২২ সালে দশম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া—আসার পথে আলী হোসেন মোল্লা উত্ত্যক্ত করতেন। ওই বছরের ২৮ অক্টোবর গভীর রাতে জানালা ভেঙে ছাত্রীর ঘরে প্রবেশ করেন আলী হোসেন। এ সময় ধারালো দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত—পা ও মুখ বেঁধে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। পরে ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভুক্তভোগীকে ভয়ভীতি ও হুমকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। ভুক্তভোগীর মা পরের দিন রাজাপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
২০২২ সালের ১৫ নভেম্বর মামলার আসামি আলী হোসেন মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। এরপর থেকে দীর্ঘ সময় ধরে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি তিনি গ্রামের বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
রাজাপুর থানার ওসি মো. হারুন—অর—রশিদ হাওলাদার জানিয়েছেন, ধর্ষণ মামলার পলাতক আসামি আলী হোসেন মোল্লাকে মঙ্গলবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।