
ঝালকাঠির নলছিটি থানায় দায়ের হওয়া চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার তদন্তে শনাক্ত প্রধান অভিযুক্ত মোঃ হাসান হাওলাদার (২৮)—কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)—৮, বরিশাল।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) বরিশাল জেলার কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি—৮ বরিশালের সিপিএসসি ও সদর কোম্পানির যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার মোঃ হাসান হাওলাদার বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন বিরঙ্গল গ্রামের মোঃ মন্নান হাওলাদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মোসাঃ সুখি বেগম (৪৫)—এর স্বামী মোঃ মনির হাওলাদার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাংসের ব্যবসা করতেন। গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ ভোর আনুমানিক ৪টা থেকে সকাল সাড়ে ৯টার মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা ব্যক্তি বসতঘরে সিঁধ কেটে প্রবেশ করে।
এ সময় ওয়ারড্রবের ড্রয়ারে রাখা গরুর মাংস বিক্রির ৫ লাখ ৮০ হাজার টাকা চুরির চেষ্টা করা হয়। একপর্যায়ে ওই ব্যক্তিকে নিহত সুখি বেগম চিনে ফেললে তাকে মোবাইল চার্জারের তার দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে টাকা নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত।
ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে ঝালকাঠির নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটির তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা প্রধান অভিযুক্ত হিসেবে মোঃ হাসান হাওলাদারের সংশ্লিষ্টতা শনাক্ত করেন। তাকে গ্রেপ্তারের জন্য এসআরবি—৮, বরিশালের অধিনায়ক বরাবর অধিযাচনপত্র পাঠানো হয়।
এরই ধারাবাহিকতায় এসআরবি—৮ বরিশালের সিপিএসসি ও সদর কোম্পানির যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসান হাওলাদারকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠির নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।