
দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। তারা হলেন— জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান আনিস ও যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আনিসুর রহমান আনিস ও রবিউল হোসেন তুহিনের সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এ সাংগঠনিক সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে, দুই নেতার পদ স্থগিতের বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার জানিয়েছেন, কয়েকজন নেতাকর্মী তাকে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।
তবে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এখন পর্যন্ত তাকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
কেন্দ্রীয় কমিটির এমন সিদ্ধান্তে ঝালকাঠি জেলা যুবদলের সাংগঠনিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।