
বরিশালের গৌরনদীতে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যুবলীগের এক নেতাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। একই সময়ে বরিশালের বিভিন্ন সড়ক ও মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে।
আহত ব্যক্তি হলেন গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. নান্নু মৃধা (৩৮)। তিনি উপজেলার সুন্দরদী নবীনগর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম কিবরিয়ার ছেলে।
স্বজনদের অভিযোগ, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগের অভিযোগে নান্নু মৃধার ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্বজনরা জানান।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, এসব ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার দিবাগত রাতে বরিশাল—ঢাকা ও বরিশাল—খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রের দাবি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব কর্মসূচিতে অংশ নেন।
বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সৈয়দ শামসুদ্দোহা আবিদ তার ফেসবুক পেজে দুটি ভিডিও প্রকাশ করে এসব কর্মসূচির কথা জানান। তার দাবি, সাবেক সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের পক্ষ থেকে মহানগর যুবলীগের নেতাকর্মীরা পৃথকভাবে এসব কর্মসূচি পালন করেন।
আবিদের দেওয়া তথ্য অনুযায়ী, বরিশাল—ঢাকা মহাসড়কের গড়িয়ারপাড় এলাকায় এবং বরিশাল—খুলনা মহাসড়কের একটি স্থানে অবরোধ করে বিক্ষোভ করা হয়। প্রকাশিত ভিডিওতে কয়েকজনকে সড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালাতে এবং শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে স্লোগান দিতে দেখা যায়। তবে তাদের মুখ ঢাকা থাকায় ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় ও সংখ্যা নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানিয়েছেন, মহাসড়কে অবরোধ বা প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়ে তাদের কাছে কোনো তথ্য ছিল না। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ভোররাতে গড়িয়ারপাড় এলাকায় অল্প সময়ের জন্য মিছিলের শব্দ শোনা গেলেও কর্মসূচি দীর্ঘস্থায়ী হয়নি।
এ ছাড়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর রাজীব হোসেন খানের অনুসারীদের বিরুদ্ধেও গড়িয়ারপাড় এলাকায় মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে।
অন্যদিকে, রাতভর বরিশাল নগর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিরাপত্তামূলক তৎপরতা দেখা গেছে। বিভিন্ন এলাকায় তাদের দফায় দফায় মহড়া দিতে দেখা যায়।
তবে এসব ঘটনায় কারা জড়িত এবং অগ্নিসংযোগ বা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।