, , ,
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাকে ঘিরে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি বরিশালের নিখোঁজ বিচারক কুয়াকাটা থেকে উদ্ধার বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে আগুন, ভাঙচুর আরজেএফের সাধারণ পরিষদের সদস্য মনোনীত হলেন সাংবাদিক মোঃ শাহ আলম কর অঞ্চল-১২-এর প্রধান সহকারী মাহবুব আলমের সম্পদ নিয়ে প্রশ্ন-২ কোটি টাকার ফ্ল্যাট ও জমি বরিশালে নিখোঁজ সহকারী জজ শেখ ফারহান নাদিমের সন্ধান মেলেনি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে বরিশালে সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ১২ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধের অভিযোগ,গৌরনদীতে যুবলীগ নেতাকে পিটিয়ে আহত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাকে ঘিরে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাকে ঘিরে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আওয়ামী লীগপন্থী হিসেবে অভিযুক্ত এক কর্মকর্তাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই কর্মকর্তাকে দপ্তর থেকে বের করে দেওয়ার উদ্যোগকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এবং বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতি মো. হুমায়ুন কবিরকে ঘিরে এ ঘটনার সূত্রপাত বলে জানা গেছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ আব্দুল মালেকের ভাই।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় হুমায়ুন কবিরকে তাঁর দপ্তর থেকে বের করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

একপর্যায়ে শাখা ছাত্রদলের সহসভাপতি মিনহাজুল ইসলাম শান্তের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী হুমায়ুন কবিরকে দপ্তর থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে এতে বাধা দেন শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজমাইন সাকিব। এ নিয়ে দুই নেতার অনুসারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।

মিনহাজুল ইসলাম শান্ত বলেন, সারাদেশে আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়েও কার্যক্রম চালানো হচ্ছে।

হুমায়ুন কবিরকে কক্ষ ছেড়ে চলে যাওয়ার জন্য ছাত্রদলের একটি পক্ষ থেকে ফোন করা হয়েছিল। বৃহস্পতিবার কয়েকবার তাঁর কক্ষে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। পরে কক্ষের সামনে অবস্থান নেওয়ার সময় আজমাইন সাকিবকে দেখা যায়।

শান্ত অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে হুমায়ুন কবির অবৈধভাবে নিয়োগ ও পদোন্নতি পেয়েছেন। বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েও তিনি আপত্তিকর মন্তব্য করেছেন। এখনো তিনি বিএনপির বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন বলে অভিযোগ করেন শান্ত।

তিনি আরও বলেন, এসব অভিযোগ তাঁর দপ্তরের চেয়ারে লিখতে গেলে আজমাইন সাকিব বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। পরে নিচেও আবার হাতাহাতির ঘটনা ঘটে।

এ সময় ক্ষোভ প্রকাশ করে শান্ত বলেন, ‘আজও একজন চিহ্নিত আওয়ামী লীগের দোসরকে বাঁচাতে কোন স্বার্থে এসে মারামারি করা হলো? কত টাকার ডিল হয়েছে?’

তবে শান্তর অভিযোগ অস্বীকার করেছেন শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজমাইন সাকিব। তিনি বলেন, ‘গতকালের ঘটনা নিয়ে ধাক্কাধাক্কি হয়েছে। আমরা নাকি টাকা নিয়ে সবাইকে ছেড়ে দিয়েছি—এমন অভিযোগ নিয়ে কথা-কাটাকাটি থেকে ধাক্কাধাক্কি হয়েছে। আর আমরা হুমায়ুন কবিরের দপ্তরে যাইনি। ওটা কালাম ভাইয়ের অফিস ছিল।’

তবে খোঁজ নিয়ে জানা গেছে, কালাম বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের একজন প্রশাসনিক কর্মকর্তা।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, ‘ছাত্রদলের কোনো নেতাকর্মী আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছেন—এমন তথ্য-প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

একজন কর্মকর্তাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের এমন হাতাহাতির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগে কর্মকর্তাদের বিরুদ্ধে ছাত্রদলের চলমান তৎপরতার মধ্যেই সংগঠনটির অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে আসায় নেতাকর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost