বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
ভোলায় অস্ত্র ও গুলিসহ আটক বিএনপি নেতা জাকির ফরাজির (৪২) মুক্তির দাবীতে ভোলা—চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় তারা বিভিন্ন রকম স্লোগান দেন।
বুধবার (০৬ এপ্রিল) সকালে ভোলার উপশহর বাংলাবাজার এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে প্রায় ঘন্টাব্যাপী এ বিক্ষোভ করেন তারা।
এরআগে, গতকাল সন্ধ্যায় তার মুক্তির দাবীতে থানা ফটকের সামনে অবস্থান নেন জাকির ফরাজির সমর্থিত লোকজন। পরে পুলিশের বাঁধার মুখে পড়ে থানা ফটকের সামনে বিক্ষোভ করেন তারা।
জাকির ফরাজি ভোলার দক্ষিন দিঘলদী ইউনিয়নে বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি এবং বর্তমানে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক।
গতকাল কোস্টগার্ডের হাতে আটকের হন জাকির ফরাজি। এরপর কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সাব্বিল আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকার যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলি—১৩ থেকে অস্ত্র গুলি ও মাদকসহ জাকির ফরাজিকে আটক করা হয়। পরে জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
পরে জাকির ফরাজির আটকের খবরে তার সমর্থিত লোকজন মুক্তি চেয়ে বিক্ষোভ করেন।
এদিকে টানা ১ঘন্টার অবরোধে ভোলা—চরফ্যাশন মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বন্ধ থাকে যানচলাচল। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও যানবাহন চালকরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, বিএনপি নেতা জাকির ফরাজীকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। তিনি ষড়যন্ত্রের শিকার। এসময় তারা জাকির ফরাজির নিঃশর্ত মুক্তির দাবী জানান। দ্রুত মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন। তাদের উপস্থিতিতে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে ভোলার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভের খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ ও ভোলা সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Leave a Reply