বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়েছে। এতে ওই ক্লাসের পাঁচ শিক্ষার্থী আহতের খবর পাওয়া গেছে।বুধবার (৬ মে) সকাল সাড়ে ১১টায় ফতুল্লার আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দ্বিতীয় শ্রেণির দুই শিক্ষার্থী প্রাঞ্জল ও জাহানারার নাম জানা গেছে। অন্যদের নাম—পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত শিক্ষার্থীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্কুলটির প্রাক্তন শিক্ষার্থী মো. মশিউর রেজা সজীব বলেন, প্রাক্তন শিক্ষার্থী হিসেবে স্কুলে গিয়েছিলাম। ক্লাস রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ওপর থেকে সিলিং ফ্যানটি খুলে পড়ে। ভাগ্য ভালো সেটি কারও মাথায় পড়েনি। মাথায় পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তারপরেও ফ্যানের পাখার আঘাতে পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে।
আরেক প্রাক্তন শিক্ষার্থী আবু জাফর বলেন, আমরা প্রধান শিক্ষকের আমন্ত্রণে স্কুলে গিয়েছিলাম। আসার পরই এই দুর্ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। বর্তমানে স্কুল ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণ প্রয়োজন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, ক্লাস চলাকালেই সিলিং ফ্যানটি খুলে নিচে পড়ে যায়। দীর্ঘদিন ধরেই ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এ কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। আমরা নতুন ভবন নির্মাণের জন্য আবেদন করেছি।
নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply