মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
রাস্তার অভাবে চিকিৎসা না পেয়ে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

রাস্তার অভাবে চিকিৎসা না পেয়ে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পশ্চিম জলিরপাড় গ্রামে যাতায়াতের উপযুক্ত রাস্তা না থাকায় সময়মতো চিকিৎসা না পেয়ে মোনাই অধিকারী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রোববার (২৫ মে) দুপুরে মৃতের স্ত্রী রিনা অধিকারী অভিযোগ করে বলেন, অসুস্থ হওয়ার পর দ্রুত চিকিৎসকের কাছে নিতে পারলে হয়তো তার স্বামীকে বাঁচানো সম্ভব হতো। কিন্তু রাস্তা না থাকায় তা সম্ভব হয়নি।

মৃতের স্বজন সঞ্জয় হালদার জানান, গত ২০ মে দিবাগত রাতে মোনাই অধিকারী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কিন্তু গ্রামের সঙ্গে মূল সড়কের কোনো চলাচল উপযোগী রাস্তা না থাকায় তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। পরদিন সকালে বাঁশ ও জাল দিয়ে অস্থায়ী চাঙারি তৈরি করে তাকে কাঁধে ঝুলিয়ে বিভিন্ন মানুষের বাড়ির উঠান, জমির আইল, পানবরজ ও ঘেরের পাশ দিয়ে প্রায় দেড় কিলোমিটার পথ হেঁটে মূল সড়কে আনা হয়। পরে ভ্যানে করে তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলেও চিকিৎসায় দেরি হওয়ায় শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে দাবি পরিবারের সদস্যদের।

স্থানীয় বাসিন্দা মালা হালদার ও গোলাপী রানী হালদার বলেন, পশ্চিম জলিরপাড় গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের মূল কারণ একটি রাস্তার অভাব। বর্ষাকালে তাদের দুর্ভোগ আরও বেড়ে যায়। হাঁটাচলা করা যায় না, নৌকাও চলাচল করতে পারে না। বিশেষ করে সন্তানসম্ভবা নারী ও অসুস্থ রোগীদের নিয়ে চরম বিপাকে পড়তে হয়।

তারা আরও অভিযোগ করেন, নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিলেও ভোট শেষে আর তাদের খোঁজ পাওয়া যায় না।

এ বিষয়ে বাকাল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পরিমল হালদার বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি জানিয়েছেন, বর্তমানে মাটির কাজের জন্য কোনো বরাদ্দ নেই। স্থানীয়ভাবে মাটির কাজ করা গেলে পরবর্তীতে ইট সলিংয়ের ব্যবস্থা করা হবে।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক বলেন, পশ্চিম জলিরপাড় গ্রামের প্রয়োজনীয় রাস্তার স্থান সরেজমিনে পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একই গ্রামের ব্রজেন্দ্রনাথ হালদারের স্ত্রী কুমুদিনী হালদার হৃদরোগে আক্রান্ত হলে তাকেও একইভাবে বাঁশের চাঙারিতে বহন করে চিকিৎসাকেন্দ্রে নিতে হয়েছিল।

দীর্ঘদিনেও রাস্তা নির্মাণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে পশ্চিম জলিরপাড় গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনের আগেই রাস্তা নির্মাণ না হলে তারা ভোট দেওয়া থেকে বিরত থাকবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost