
বরিশাল নগরীর বিমানবন্দর থানাধীন কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মাহফুজা আক্তারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাণিজ্য শাখার শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এলাকাবাসীর প্রতিনিধিরা।
অভিযোগে বলা হয়েছে, মাহফুজা আক্তার মানবিক বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেও প্রায় ১০ থেকে ১২ বছর আগে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব ও অনিয়মের মাধ্যমে কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য বিভাগের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। বর্তমানে তিনি ওই পদে কর্মরত রয়েছেন।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, মানবিক বিভাগের শিক্ষার্থী হওয়ায় বাণিজ্য বিভাগের বিষয়সমূহ যথাযথভাবে পাঠদান করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। ফলে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষার মান ব্যাহত হচ্ছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন। তারা বলেন, একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যহীন শিক্ষক নিয়োগ শিক্ষা কার্যক্রম ও প্রতিষ্ঠানের সুনামের জন্য ক্ষতিকর।
এছাড়া অভিযোগপত্রে মাহফুজা আক্তারের স্বামী মো. আনিসুর রহমানের বিরুদ্ধেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারীদের দাবি, তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একাধিক মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।
অভিযোগকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে মাহফুজা আক্তারের নিয়োগের বৈধতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক মাহফুজা আক্তার কিংবা কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, অভিযোগে উত্থাপিত বিষয়গুলো অভিযোগকারীদের দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও যাচাই ছাড়া অভিযোগের সত্যতা সম্পর্কে চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না।