মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের একটি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার জব্দ করেছে পুলিশ। সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার ৩ নম্বর চরএককরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে অবৈধভাবে পরিচালিত একটি ড্রেজার জব্দ করে। পরে ড্রেজারটির পাইপসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস করা হয়।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, উপজেলার চরএককরিয়া ইউনিয়নের একটি খালে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে ড্রেজারটি জব্দ করে এবং এর কার্যক্রম বন্ধ করে দেয়।
তিনি আরও বলেন, “মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান এমপি মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে—অবৈধ ড্রেজারের সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
ওসি আরও জানান, নদী ও খাল রক্ষায় এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়রা অবৈধ ড্রেজারবিরোধী এ অভিযানের প্রশংসা করে নিয়মিত তদারকি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।