মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলছে অবৈধ জালের ব্যবহার। কারেন্ট জাল, নেট জাল, বেহুন্দি জাল ও চরঘেরা জাল দিয়ে ছোট—বড় সব প্রজাতির মাছ স্বমূলে নিধন করছে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এবং প্রশাসনের নাকের ডগায় উপজেলার বিভিন্ন ডুবোচরে এই ধ্বংসযজ্ঞ চললেও রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় সচেতন মহলের দাবি, প্রতি বছর মা ইলিশ ও জাটকা সুরক্ষায় মেহেন্দিগঞ্জ মৎস্য দপ্তরে বড় অঙ্কের সরকারি বাজেট বরাদ্দ আসে। কিন্তু মাঠ পর্যায়ে সেই বাজেটের সঠিক ব্যবহার এবং অভিযানের কার্যকারিতা নিয়ে সাধারণ জনগণের মনে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।
নদীতে সুক্ষ্ম জালের এমন যত্রতত্র ব্যবহারে মেহেন্দিগঞ্জের মেঘনা ও গজারিয়া নদীর মৎস্য সম্পদ এখন হুমকির মুখে। প্রকৃত ও সৎ জেলেরা কর্মহীন হয়ে পড়ছেন, আর লাভবান হচ্ছে সিন্ডিকেট চক্র।
মৎস্য সম্পদ রক্ষায় রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে মেহেন্দিগঞ্জের সকল ডুবোচরে কঠোর অভিযান পরিচালনার জন্য মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সাধারণ জনগণ।