মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ঝালকাঠির নলছিটি থানার দুই পুলিশ সদস্যকে তাৎক্ষণিক প্রত্যাহার (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। অভিযুক্তরা হলেন— সহকারী উপপরিদর্শক (এএসআই) জসিম ও কনস্টেবল ইব্রাহিম।
গতকাল রাতে জেলা পুলিশ সুপারের নির্দেশে তাদেরকে নলছিটি থানা থেকে প্রত্যাহার করে ঝালকাঠি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নলছিটি থানা এলাকায় ওই দুই পুলিশ সদস্য টহল ডিউটিতে ছিলেন। এ সময় পথিমধ্যে এক মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তারা ১৫০ টাকা ঘুষ নেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে জেলা পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে তদন্তের নির্দেশ দেন।
প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় রাতেই তাদেরকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
এ বিষয়ে জেলা পুলিশ প্রশাসনের এক কর্মকর্তা জানান, পুলিশের যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখা হবে। অপরাধ ছোট কিংবা বড় হোক, শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।