শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
ঝালকাঠি জেলার আহ্বায়ক রেজাউল করিম জাকিরকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে তাকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান।
আটক যুবলীগ নেতা রেজাউল করিম জাকির পৌর শহরের বিকনা এলাকার মো. সুলতান হাওলাদারের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহবাগ থানাধীন পিজি হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি ২০২০ সালের ৬ আগস্ট থেকে জেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ঝালকাঠি সদর থানার ওসি মাহমুদ হাসান বলেন, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ঝালকাঠিতে একাধিক মামলা রয়েছে।