বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

ঘুষের বিনিময়ে বদলির অডিও ফাঁস, ঝালকাঠির নতুন এসপিকে ঢাকায় তলব

ঘুষের বিনিময়ে বদলির অডিও ফাঁস, ঝালকাঠির নতুন এসপিকে ঢাকায় তলব

দুই কোটি ১০ লাখ টাকা ঘুষের বিনিময়ে বদলির চুক্তি সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে পুলিশ সদর দফতরে তলব করা হয়েছে।

পুলিশ সদর দফতরের একটি সূত্র বুধবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, ঝালকাঠির নতুন এসপি হিসেবে যোগদানের মাত্র চার ঘণ্টার মধ্যেই পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশে তিনি ঢাকায় ফিরে যান।

গত ৫ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এরও আগে তিনি ট্যুরিস্ট পুলিশে কর্মরত ছিলেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ছড়িয়ে পড়ে। এতে শোনা যায়, হামিদ নামে এক যুবক মোহাম্মদ বদরুল আলম মোল্লার সঙ্গে কথা বলছেন। তাদের কথোপকথনে বদরুলের বদলি নিয়ে যে টাকার চুক্তি হয়েছে, সে বিষয়ে বারবার ইঙ্গিত করেন ওই যুবক।

ছড়িয়ে পড়া অডিও ক্লিপে হামিদ নামে ওই যুবক বারবার বলেন, এক বড় ভাইয়ের মাধ্যমে এ বদলি হয়েছে এবং তিনি বদরুলকে দেওয়া আশ্বাস রেখেছেন। তবে অডিওতে শোনা যায়, বদলির আদেশ হওয়ার পর বদরুল টাকা দিতে অস্বীকৃতি জানান।

তবে এ বিষয়ে মোহাম্মদ বদরুল আলম মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে তাকে পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost