শুক্রবার, ১০ Jul ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
৪৮ দলের লড়াই পর্ব শেষে বিশ্বকাপ এখন রূপ নিয়েছে ৮ দলের লড়াইয়ে। এক দিনের বিরতির পর বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত থেকেই মাঠে গড়াচ্ছে ফিফার এই মেগা ইভেন্টের কোয়ার্টার ফাইনাল।
তবে শেষ আটের মহারণে নামার আগে বড় ধরনের দুর্ভাবনায় রয়েছেন অংশ নেয়া দলগুলোর অন্তত ১৮ জন ফুটবলার। এই ম্যাচে হলুদ কার্ড দেখলেই দল সেমিফাইনালে উঠলেও দর্শক হয়ে থাকতে হবে তাদের।
ফলে শেষ আটের প্রতিটি ম্যাচে আক্রমণ—প্রতিআক্রমণের পাশাপাশি সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শৃঙ্খলা। একটি ভুল ট্যাকল, অপ্রয়োজনীয় ফাউল কিংবা রেফারির সাথেই তর্কই কেড়ে নিতে পারে সেমিফাইনালে খেলার সুযোগ।
সবচেয়ে বড় দুশ্চিন্তায় রয়েছে ইংল্যান্ড ও মরক্কো। দুই দলেরই চারজন করে ফুটবলার ইতোমধ্যে নকআউট পর্বে একটি করে হলুদ কার্ড দেখেছেন। তাই কোয়ার্টার ফাইনালে তাদের প্রত্যেককেই বাড়তি সতর্ক থাকতে হবে।
ফ্রান্স ও সুইজারল্যান্ডের তিনজন করে, আর আর্জেন্টিনা, স্পেন, বেলজিয়াম ও নরওয়ের একজন করে ফুটবলারও একই ঝুঁকিতে আছেন। অর্থাৎ আট দলের মধ্যে কেবল কোনো ঝুঁকি নেই কলম্বিয়ার খেলোয়াড়দের।
প্রথমবারের মতো মাঠে গড়ানো ৪৮ দলের বিশ্বকাপে যোগ হয়েছে একটি অতিরিক্ত নকআউট পর্ব। তাই হলুদ কার্ডের নিয়মেও পরিবর্তন আসে। আগের নিয়ম বহাল থাকলে নকআউটে অনেক তারকা ফুটবলারকে হারানোর আশঙ্কা ছিল।
তাই গ্রুপ পর্বে পাওয়া সব হলুদ কার্ড নকআউট পর্ব শুরুর আগে বাতিল (রিসেট) করা হয়। তবে শেষ ৩২ ও শেষ ষোলোর ম্যাচে যারা একটি করে হলুদ কার্ড পেয়েছেন, তারা আছেন ঝুঁকিতে।
কোয়ার্টার ফাইনালে আরেকটি কার্ড দেখলে স্বয়ংক্রিয়ভাবে লাল কার্ডের নিয়মানুসারে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন। সে ক্ষেত্রে দল সেমিফাইনালে উঠলেও তারা মাঠে নামতে পারবেন না।
অবশ্য কোয়ার্টার ফাইনাল শেষে আবারো হলুদ কার্ডের হিসাব রিসেট হবে। ফলে হলুদ কার্ডের কারণে কোনো খেলোয়াড় ফাইনাল মিস করবেন না। তবে সেমিফাইনালে লাল কার্ড দেখলে ফাইনালে নিষিদ্ধ থাকতে হবে।
আর গুরুতর অপরাধের ক্ষেত্রে অতিরিক্ত শাস্তি দেয়ার ক্ষমতা থাকবে ফিফার ডিসিপ্লিনারি কমিটির। সেটা অবশ্য অন্য বিষয়।
নিষেধাজ্ঞার ঝুঁকিতে যে ১৮ ফুটবলার
ইংল্যান্ড : জুড বেলিংহ্যাম, নিকো ও’রাইলি, ডেক্লান রাইস, মার্ক গেয়ি
মরক্কো : ইসা দিওপ, আশরাফ হাকিমি, রেদোয়ান হালহাল, বিলাল এল খানুস
ফ্রান্স : মানু কোনে, মাইকেল ওলিসে, ব্রাডলি বারকোলা
সুইজারল্যান্ড : গ্রানিত জাকা, ডেনিস জাকারিয়া, মিরো মুহাইম
আর্জেন্টিনা : গঞ্জালো মন্টিয়েল
স্পেন : ফেররান তোরেস
বেলজিয়াম : ব্র্যান্ডন মেচেলে
নরওয়ে : অ্যান্তোনিও নুসা