শুক্রবার, ১০ Jul ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
মহসিন মার্কেটে দুই কমিটি গঠন নিয়ে বিতর্ক ভংগা কাদিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন! সভাপতি মো. আজাদ মাহমুদ উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানি প্রতিনিধির দাপট! অসহায় ডাক্তার ও রোগীরা বানারীপাড়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচাতো ভাইয়ের ওপর অতর্কিত হামলার অভিযোগ বাড়ির পাশে গাঁজা চাষ, আইনজীবী আটক বরিশালে মৃত্যুর মিথ্যা গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুর,আহত পুলিশ ​ হাসপাতাল থেকে রোগীর বিচ্ছিন্ন পা উধাও, ডান পা ছাড়াই দাফন বিশ্বকাপের সেমিফাইনালে নিষেধাজ্ঞার মুখে ১৮ ফুটবলার জনগণের ঐক্য ভাঙার সুযোগ আর কোনো অপশক্তিকে দেওয়া হবে না: রিজভী বঙ্গোপসাগরে ট্রলারডুবি: তিন দিনেও উদ্ধার হয়নি ৫ জেলে
মহসিন মার্কেটে দুই কমিটি গঠন নিয়ে বিতর্ক

মহসিন মার্কেটে দুই কমিটি গঠন নিয়ে বিতর্ক

বরিশাল নগরীর হাজী মুহাম্মদ মহসিন হকার্স মার্কেটের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। একদিকে টাকার বিনিময়ে একতরফাভাবে কমিটি গঠনের অভিযোগ উঠেছে, অন্যদিকে নতুন কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কেটের অধিকাংশ ব্যবসায়ী। এ ঘটনায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

তবে বিষয়টি নিয়ে উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

জানা গেছে, প্রায় দেড় বছর আগে মহসিন হকার্স মার্কেটের পরিচালনা কমিটি গঠন করা হয়। ওই কমিটির সদস্যদের দাবি, প্রায় আড়াই শতাধিক ব্যবসায়ীর সমর্থনে দীর্ঘদিন ধরে মার্কেটের সার্বিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি মার্কেটের ব্যবসায়ী নন—এমন কয়েকজন ব্যক্তি নতুন একটি কমিটি গঠন করে প্রচার শুরু করলে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

বর্তমান কমিটির সদস্য সচিব আহম্মদ উল্লাহ খোকন অভিযোগ করে বলেন, মার্কেটের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন কয়েকজন ব্যক্তি ভিত্তিহীনভাবে একটি কমিটি ঘোষণা করেছেন। তাদের দাবি, বরিশাল সদর আসনের এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ওই কমিটির অনুমোদন দিয়েছেন—যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

তার অভিযোগ, সাহাদাত হোসেন সাঈদ ও সোহানুর রহমান নামে দুই ব্যক্তি ৪৪ জনকে নিয়ে একটি কমিটি ঘোষণা করেছেন। অথচ মার্কেটে দুই শতাধিক দোকান থাকলেও অধিকাংশ ব্যবসায়ী এ বিষয়ে কিছুই জানেন না।

এদিকে বরিশাল চেম্বার অব কমার্সের সদস্য ও মহসিন মার্কেটের প্রবীণ ব্যবসায়ী আলী আসগড় বলেন, “আমি নতুন কমিটির বিষয়ে কিছুই জানি না। যারা এই কমিটির কথা বলছেন, তারা অনেকেই মার্কেটের ব্যবসায়ী নন।”

অন্যদিকে, নতুন কমিটির সভাপতি দাবি করা সাহাদাত হোসেন সাঈদ বলেন, তারা নিয়মতান্ত্রিকভাবেই নতুন কমিটি গঠন করেছেন এবং এমপি মজিবর রহমান সরোয়ারের অনুমোদন রয়েছে। তিনি নিজেকে বিএনপির ত্যাগী কর্মী দাবি করে বলেন, দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক নির্যাতন ও মামলার শিকার হওয়ায় তারা কমিটি গঠনের দাবি রাখেন। তার ভাষ্য অনুযায়ী, নতুন কমিটিতে এমপি মজিবর রহমান সরোয়ার, ওবায়দুল হক চান, মনিরুজ্জামান ফারুকসহ ১৫ জনকে উপদেষ্টা করা হয়েছে।

তবে মার্কেটের ব্যবসায়ী মো. জাকির হোসেন (স্টল নং-১৪৩), মো. নূরুল ইসলাম (স্টল নং-৯১) ও আলী আসগড় (স্টল নং-১২৫)সহ একাধিক স্টল মালিক নতুন কমিটিকে ‘ভুয়া’ দাবি করে বলেন, দেড় বছর আগেই বৈধভাবে পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

মার্কেটটি বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডে অবস্থিত হওয়ায় এখানকার সাংগঠনিক বিষয়গুলোতে স্থানীয় বিএনপি নেতাদের সম্পৃক্ততা রয়েছে। তবে নতুন কমিটি গঠনের বিষয়ে তারা অবগত নন বলে জানিয়েছেন।
১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাহাদাত হোসেন তোতা বলেন, “আহ্বায়ক কমিটি অনেক আগেই করা হয়েছে। নতুন করে কোনো কমিটি হয়েছে কি না, তা আমার জানা নেই।”

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক জানান, তাকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে বলে শুনেছেন। একই ধরনের মন্তব্য করেছেন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি ওবায়দুল হক চান। তিনি বলেন, “লোকমুখে শুনেছি আমাকে উপদেষ্টা করা হয়েছে।”
এ বিষয়ে বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, “আমি উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে একসঙ্গে বসে মহসিন মার্কেটের গ্রহণযোগ্য পরিচালনা কমিটি গঠনের নির্দেশ দিয়েছি।”

এদিকে টাকার বিনিময়ে কমিটি গঠনের যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে কোনো স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগটি সংশ্লিষ্টদের বক্তব্য হিসেবে উপস্থাপিত হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost