মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

শিরোনাম
ভোলায় ৪ ডাকাত আটক, অস্ত্র-গোলাবারুদ জব্দ

ভোলায় ৪ ডাকাত আটক, অস্ত্র-গোলাবারুদ জব্দ

ভোলা সদর উপজেলার পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দি সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণের সহায়তায় অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফিরোজ জামাদ্দার (৫৫) ও তার তিন সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

রোববার (১২ জুলাই) রাতে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, ভোলা সদর থানার পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজন ফিরোজ জামাদ্দার ও তার সহযোগীদের আটক করে বিষয়টি তাৎক্ষণিকভাবে কোস্টগার্ডকে অবহিত করেন। খবর পেয়ে রোববার দুপুর ৩টার দিকে কোস্টগার্ড বেইস ভোলা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে একটি দেশীয় একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ, তিনটি দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়। পরে স্থানীয় জনগণের সহায়তায় ফিরোজ জামাদ্দারসহ চারজনকে আটক করা হয়।

আটক অন্যরা হলেন— দৌলতখান উপজেলার চরপাতা এলাকার মো. ফয়সাল (২৫), একই এলাকার মো. ইব্রাহিম (২৫) এবং ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর এলাকার মো. কামাল (৩০)।

কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost