
ঝালকাঠি সদর উপজেলায় ননদ জামাইয়ের পুরুষাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। তবে ওই গৃহবধূর দাবি, ননদ জামাই তাকে ধর্ষণের চেষ্টা করলে আত্মরক্ষার্থে তিনি এ কাজ করেন। আহত ব্যক্তিকে প্রথমে বরিশাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গাবারামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিঠু মল্লিক (৪০) বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার এলাকার মৃত মোশাররফ মল্লিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঝালকাঠিতে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন এবং স্থানীয়ভাবে একটি ফার্মেসি পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর বাড়িতে এ ঘটনা ঘটে। এতে মিঠু মল্লিক গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
অভিযুক্ত গৃহবধূর দাবি, তার স্বামী স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষক এবং ঘটনার সময় তিনি বিদ্যালয়ে ছিলেন। তার ননদও কর্মস্থলে চলে যান। এ সুযোগে মিঠু মল্লিক বাড়িতে এসে তাকে ধর্ষণের চেষ্টা করেন। দীর্ঘদিন ধরে মিঠু তাকে উত্ত্যক্ত করে আসছিলেন বলেও অভিযোগ করেন তিনি। গৃহবধূ বলেন, আত্মরক্ষার জন্য একটি ব্লেড দিয়ে মিঠু মল্লিকের পুরুষাঙ্গে আঘাত করি।
তবে গৃহবধূর অভিযোগের বিষয়ে মিঠু মল্লিকের বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে প্রথমবার সাংবাদিক পরিচয় দেওয়ার পর কল কেটে দেওয়া হয়। পরে একাধিকবার ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি। তার পরিবারের অন্য সদস্যদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।