
কুষ্টিয়া শহরতলীর ত্রিমোহনী বাজারে ভেজাল সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার দোকান থেকে ২৫ বস্তা ভেজাল ডিএপি সার জব্দ করে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ত্রিমোহনী বাজারে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন কুষ্টিয়া সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন।
কৃষি বিভাগ জানায়, ত্রিমোহনী বাজারের রোহান ট্রেডার্সে ভেজাল ডিএপি সার বিক্রি হচ্ছে— এমন অভিযোগে অভিযান চালানো হয়। পরে দোকানে থাকা সার পরীক্ষা করে মানহীনতা ও প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
এ ঘটনায় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোকান মালিক রেজবুল হাসানকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬—এর ১৭(৩) ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা ২৫ বস্তা ভেজাল সার ধ্বংস করা হয়েছে।
দোকান মালিক রেজবুল হাসান বলেন, আমার দোকান থেকে এই ভেজাল সার উদ্ধার করেছে প্রশাসন। আমি অসুস্থ হয়ে বাড়িতে থাকায় দোকান আমার ছেলে চালাচ্ছিল। এই সার মিরপুরের এক সারের দোকান থেকে এসেছে। আমার অগোচরে এই সার তিনি পাঠিয়েছেন। আমি এ ধরনের কোন ভেজাল সার বিক্রি করি না।
স্থানীয় কৃষকদের অভিযোগ, সারের সংকটকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা ভেজাল ও নকল সার বিক্রি করছেন। এসব সার ব্যবহারে ফসলের ক্ষতির পাশাপাশি জমির উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
কৃষি কর্মকর্তারা জানান, নকল ও ভেজাল সার বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।