
বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও দলের কেন্দ্রীয় নেতা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলকে আটক করার পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে নগরীর বান্দ রোডের লঞ্চঘাট এলাকার চট্টগ্রাম হোটেল থেকে তাঁকে আটক করে পুলিশ। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালনের প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে।
জাতীয় পার্টির বরিশাল মহানগরের প্রচার সম্পাদক জুম্মান হায়দার জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বুধবার বিকেলে নগরীর দক্ষিণ চকবাজার রোডে জেলা পরিষদের সামনে বিক্ষোভ সমাবেশের উদ্যোগ নেওয়া হয়। এ সময় মহসিন উল ইসলাম হাবুলসহ নেতাকর্মীরা সেখানে গেলে পুলিশ তাঁদের ওই স্থানে কর্মসূচি পালন না করার নির্দেশ দেয়।
পরে তাঁরা বান্দ রোডের লঞ্চঘাট এলাকার চট্টগ্রাম হোটেলে অবস্থান নেন। সেখান থেকে পুলিশ অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলকে থানায় নিয়ে যায়। এ ঘটনার পর জাতীয় পার্টির নেতাকর্মীরা বান্দ রোডে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, দুর্গাপূজা উপলক্ষে ওই এলাকায় ক্রেতাদের প্রচণ্ড ভিড় রয়েছে। বিনা অনুমতিতে কর্মসূচি পালন করলে জনভোগান্তি সৃষ্টি হতে পারে বলে তাঁদের জানানো হয়েছিল। তাঁদের সেখান থেকে চলে যেতে বলা হলেও তাঁরা বান্দ রোডের একটি হোটেলে লোকজন নিয়ে অবস্থান করেন এবং সাংবাদিকদের খবর দেন। এ কারণে মহসিন উল ইসলাম হাবুলকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ওসি আরও বলেন, মিছিল-সমাবেশ করার নির্দিষ্ট নিয়ম রয়েছে। তাঁরা সেই নিয়ম অনুসরণ করেননি।
পরে অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।