
মাদারীপুরের শিবচরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অব্যাহতি পাওয়া জামায়াত নেতা তাইজুল ইসলামের বসতঘর গুঁড়িয়ে দিয়েছেন স্থানীয়রা।
রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
শতাধিক লোক একত্র হয়ে তার বসতঘরটি ভেঙে দেয়। তাইজুল ইসলাম ওই ইউনিয়ন জামায়াতের নেতা।
বসতঘর ভাঙার সময় ব্যানার হাতে ওই জামায়াত নেতার শাস্তির দাবিতেও দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেককে। তবে এ ঘটনায় বাড়িটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে ওই ইউনিয়নে জামায়াতের প্রচার—প্রচারণার দায়িত্ব পালন করে আসছিলেন তাইজুল ইসলাম। সম্প্রতি তাকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর এলাকায় আলোচনা—সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনায় গত ২৭ অক্টোবর জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে তাইজুল ইসলামকে নিলখী ইউনিয়ন শাখার সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে নৈতিকতাবিরোধী কর্মকাণ্ড সংক্রান্ত অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেছেন, আজ সকালে তাইজুল ইসলামের শাস্তির দাবিতে এলাকার লোকজন মানববন্ধন করে বলে জানতে পারি। পরে কিছু লোক ঘরবাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।