
ছেলের এইচএসসি পরীক্ষায় পাসের খবর ফেসবুকে প্রকাশ করে আলোচনায় আসা চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানকে ঘিরে বিতর্কের মধ্যেই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে জেলা ছাত্রদলের কমিটি। একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটিও।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কারণ হিসেবে মেয়াদোত্তীর্ণ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই এসব ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর রাতে নিজের ছেলের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর ফেসবুকে ছবি দিয়ে প্রকাশ করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান। তাঁর ছেলে মাহি চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন। ওই পোস্টের পর ছাত্রদল নেতার বয়স ও ছাত্ররাজনীতিতে তাঁর অবস্থান নিয়ে সংগঠনের ভেতরে-বাইরে আলোচনা শুরু হয়।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিদায়ী সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মালিতা কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কমিটির মেয়াদ শেষ হওয়ায় দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নতুন কমিটি গঠনের বিষয়ে যোগাযোগ করছিলেন তাঁরা। তবে এমন একটি ঘটনার মধ্য দিয়ে কমিটি বিলুপ্ত হবে, তা তাঁরা ভাবেননি। এ পরিস্থিতির জন্য তিনি কমিটির সভাপতি শাহজাহান খানের খামখেয়ালিপনাকে দায়ী করেন। তাঁর মতে, ছেলের এইচএসসি পরীক্ষায় পাসের খবর এভাবে প্রকাশ্যে ফেসবুকে না দিলেও পারতেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ৫ জুন দুই বছর মেয়াদি চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রদল।
এদিকে কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নিয়ে কোনো দ্বিমত নেই বলে জানিয়েছেন বিদায়ী সভাপতি শাহজাহান খান। তিনি বলেন, দীর্ঘ ২৮ বছর ধরে ছাত্রদলের রাজনীতিতে কর্মী থেকে নেতা হিসেবে সক্রিয় ছিলেন এবং ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করেছেন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান চাইলে ভবিষ্যতে যুবদলের রাজনীতিতে সক্রিয় থাকার ইচ্ছা রয়েছে তাঁর।
তিনি আরও জানান, সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়েছেন তিনি।