
বরিশালের মুলাদীতে ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাত ২টা ৫০ মিনিটের দিকে মুলাদী পৌরসভার তেরচর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মুলাদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেরচর এলাকার মৃত আকবর হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৫৫) এবং মুলাদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জসিম খানের ছেলে মো. সাব্বির খান (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, মুলাদী থানাধীন তেরচর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে বাবুল হাওলাদারের বসতঘরের পেছনের একটি কক্ষে অভিযান চালানো হয়। এ সময় ওই কক্ষ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা উদ্ধারের ঘটনায় বাবুল হাওলাদার ও সাব্বির খানকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।