বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

শিরোনাম
বরিশালে হানি ট্র্যাপ চক্রের ফাঁদে ইলেকট্রিক মিস্ত্রি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার কানাডায় গোপনে বিয়ে করেছিলেন শাহরুখ-প্রিয়াঙ্কা! সেনাবাহিনীকে অনির্দিষ্টকাল মাঠে রাখতে চায় না সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকের সামনেই স্কুলছাত্রীকে জুতা পেটা করলো ‍যুবলীগ নেতার স্ত্রী ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেফতার জমি অধিগ্রহণ ছাড়া বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল মেহেন্দিগঞ্জে নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু নোনা জলে ডুবেছে ‘নিরাপদ পানি প্রকল্প’ ভোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, যুবক নিহত
প্রশাসন শুধু আইন প্রয়োগের যন্ত্র নয়: প্রধানমন্ত্রী

প্রশাসন শুধু আইন প্রয়োগের যন্ত্র নয়: প্রধানমন্ত্রী

দেশ ও জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘প্রশাসন শুধু আইন প্রয়োগের যন্ত্র নয়, এটি মানুষের সেবার একটি মাধ্যম।’

গতকাল বুধবার রাতে বাংলাদেশ—চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হলো জনগণের বিশ্বাস। তাই দেশ ও জনগণের কল্যাণে নির্ভয়ে, নিরপেক্ষভাবে কাজ করুন। সরকার এবং প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে জনমনে ধীরে ধীরে বিশ্বাস গড়ে ওঠে। এই ব্যাপারেও আপনারা যত্নবান থাকবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটি বিষয় গভীরভাবে বিশ্বাস করি, আমাদের সমস্যা অসংখ্য, তবে সম্ভাবনাও কম নয়। আমাদের দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটি আছে, এর সুযোগ নিয়ে আমরা যদি তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারি, তাহলে এই জনসংখ্যা জনসম্পদে পরিণত হবে। বিশ্বাস রাখুন, এরাই বদলে দিতে পারবে আমাদের এই প্রিয় বাংলাদেশকে।’

জনপ্রশাসনের মাঠপর্যায়ের প্রশাসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, যথাসম্ভব মানুষের উপকার করার মানসিকতা নিয়ে আমরা এগিয়ে যাই। রাষ্ট্র ও সমাজের ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলো জাগিয়ে রাখতে আমাদেরকে সম্ভাব্য সকল উপায় বের করা প্রয়োজন। আমাদেরকে পারিবারিক মূল্যবোধে উজ্জীবিত হতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা যদি সবাই একটা ছোট্ট বিষয় মনে রাখি, সেটি হলো—একটি রাষ্ট্রের খুবই ক্ষুদ্র ইউনিট একটি পরিবার। একইভাবে অনেকগুলো, লক্ষ কোটি পরিবারের সম্মিলনই হলো আমাদের এই রাষ্ট্র। সুতরাং পরিবারগুলো ধর্মীয় সামাজিক মূল্যবোধে উজ্জীবিত থাকলে রাষ্ট্রীয় মূল্যবোধ সুসংহত হয়।’

বিএনপির ইশতেহার বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন ইশতেহার বাস্তবায়নের পালা। জনস্বার্থে নেওয়া সরকারের কাজগুলো বাস্তবায়নের প্রধান দায়িত্ব জনপ্রশাসনের ওপর বর্তায়। সরকারের কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রশাসনের সাফল্য শেষ পর্যন্ত সরকারের সাফল্য হয়ে দাঁড়ায়। আমি বলি, জনপ্রশাসনের কর্মকর্তাগণ; বিশেষ করে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণ হচ্ছেন মাঠপর্যায়ে সরকারের প্রশাসনিক অ্যাম্বাসেডর।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের সকল যৌক্তিক প্রত্যাশা সাধ্যমতো পূরণ করতে বদ্ধপরিকর। এটি জনগণের প্রতি আমাদের অঙ্গীকার। আমরা কথায় কথায় বলি, জনগণ রাষ্ট্রের মালিক। জনগণ যদি সত্যিই রাষ্ট্রের মালিক হন, তাহলে এই মালিকেরা যখন অফিস—আদালতে তাঁদের সমস্যা নিয়ে যান, তাঁরা যেন আপনাদের সেবায় কিছুটা হলেও রাষ্ট্রের মালিকানা অনুভব করতে পারেন। সেটি নিশ্চিত করা আপনাদের দায়িত্বের অংশ বলে আমি মনে করি।’

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে সচিবালয়ের অফিস থেকে আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে ‘বাংলাদেশ চীন—মৈত্রী সম্মেলন কেন্দ্রে’ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে যোগ দেন। এ সময় সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সংস্কৃতিসচিব কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার প্রমুখ বক্তব্য দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost