শুক্রবার, ১২ Jun ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার পশ্চিম খরকী এলাকাবাসী দীর্ঘ ১৫ বছর ধরে জলাবদ্ধতা ও ভাঙাচোরা সড়কের দুর্ভোগে মানবেতর জীবনযাপন করছেন। স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক উন্নয়নের অভাবে সাম্প্রতিক চার দিন আগের বৃষ্টির পানিতে পুরো এলাকা পানিবন্দি হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম খরকীর খন্দকার বাড়ি থেকে আক্তার মুন্সী বাড়ি হয়ে বালুর মাঠ পর্যন্ত প্রধান সড়কটি বর্তমানে হাঁটুপানির নিচে তলিয়ে রয়েছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো সুযোগ নেই। ফলে এলাকার একমাত্র গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে চলাচল করতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এবারের বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। পানি জমে থাকায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, গত দেড় দশকে জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতে তারা পৌর মেয়র, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জনপ্রতিনিধিদের কাছেও সমস্যার কথা তুলে ধরা হয়েছে। তবে আশ্বাস ছাড়া কোনো কার্যকর পদক্ষেপ বা স্থায়ী সমাধান মেলেনি।
একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “দীর্ঘ ১৫ বছরেও আমাদের এলাকায় একটি কার্যকর ড্রেন নির্মাণ কিংবা উন্নত সড়ক ব্যবস্থা গড়ে ওঠেনি। যোগাযোগ ব্যবস্থার এই বেহাল অবস্থার কারণে আমরা শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। উন্নয়নের ছোঁয়া থেকে এখনও বঞ্চিত পশ্চিম খরকীর মানুষ।”
এদিকে জলাবদ্ধতার কারণে অনেক বাড়িঘরে পানি প্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে এলাকাবাসীর প্রশ্ন, দীর্ঘ দেড় দশক ধরে চলমান এই সমস্যার স্থায়ী সমাধান কবে হবে এবং আর কতদিন পানিবন্দি হয়ে দুর্ভোগ পোহাতে হবে তাদের? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।