শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
পিরোজপুরের কাউখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহাদেব বিশ্বাস (৪০) নামে এক ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সোয়া ৬টার দিকে উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তা—তালুকদার হাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত মহাদেব বিশ্বাস ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’—এর প্রতিনিধি হিসেবে পিরোজপুর ও ভান্ডারিয়া এলাকায় কর্মরত ছিলেন।
তিনি মাগুরা জেলার সদর উপজেলার ধলেশ্বরগাতী গ্রামের বাসিন্দা।নিহতের সহকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মহাদেব বিশ্বাস পিরোজপুর থেকে মোটরসাইকেলযোগে ভান্ডারিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তা থেকে তালুকদার হাটের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর অপর মোটরসাইকেলের আরোহীরা তাদের মোটরসাইকেলটি ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় পথচারী ও অটোরিকশা চালকরা সড়কে দুটি মোটরসাইকেল ও পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।খবর পেয়ে কাউখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এছাড়া ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।
নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।