, , ,
শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ গাজীপুরের জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা জরাজীর্ণ টিনশেডে চরম ঝুঁকি: কাউখালীর উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান, আকুতি পাকা ভবনের ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ভুয়া জমিদাতাকে দাতা সদস্য: ইউএনওসহ একাধিকের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে ফজরের নামাজে সেজদায় ইমামের মৃত্যু নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু নিয়ে প্রশ্ন পিরোজপুরে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগ নিজ বাড়ির সামনে ইয়াবাসহ গ্রেপ্তার বৃষ্টি ঋণ দেওয়ার নামে গ্রহকের সঞ্চয়-বিমার টাকা নিয়ে উধাও কথিত এনজিও
আড়াই মাসের শিশুকে রেখে পুকুরে ডুবে মায়ের মৃত্যু

আড়াই মাসের শিশুকে রেখে পুকুরে ডুবে মায়ের মৃত্যু

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ০২ আগস্ট, ২০২৬

মায়ের বুকের উষ্ণতা, স্নেহের স্পর্শ কিংবা আদর—কোনোটিই ঠিকমতো অনুভব করার সুযোগ হয়নি। পৃথিবীতে এসেছে মাত্র আড়াই মাস আগে। এরই মধ্যে চিরদিনের জন্য হারাতে হলো মাকে। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সারেংকাঠী ইউনিয়নের উত্তর করফা গ্রামে ঘটে যাওয়া এমন হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

গত শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যান গৃহবধূ আয়সা সিদ্দিকা। তাঁর মৃত্যুর পর থেকেই আড়াই মাস বয়সী কন্যাশিশুটির কান্না আর অস্থিরতা স্বজন ও প্রতিবেশীদের আবেগাপ্লুত করে তুলেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন আয়সা সিদ্দিকার বাবার বাড়ি থেকে স্বজনরা বেড়াতে এসেছিলেন। অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন তিনি। রান্নাবান্নার কাজ শেষ করে কোলের শিশুকে ঘুম পাড়িয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে তাঁর বাবা পুকুরে গিয়ে আয়সা সিদ্দিকাকে পানিতে ভাসতে দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে, মায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অতিথিতে ভরা বাড়িতে নেমে আসে শোকের মাতম। ঠিক সেই সময় ঘুম ভেঙে মাকে পাশে না পেয়ে কান্নায় ভেঙে পড়ে আড়াই মাস বয়সী শিশুটি। শিশুটির অসহায় কান্না উপস্থিত স্বজন ও প্রতিবেশীদের চোখেও জল এনে দেয়।

নিহতের স্বামী মো. রাসেল জানান, তাঁর স্ত্রীর দীর্ঘদিন ধরে মৃগীরোগ ছিল। এ কারণে তাঁকে একা পুকুরে গোসল করতে না যাওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু কাউকে কিছু না জানিয়েই তিনি গোসল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।

স্বজনদের ধারণা, মৃগীরোগের কারণেই পানিতে নেমে তিনি অসুস্থ হয়ে ডুবে যান। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সবচেয়ে অসহায় হয়ে পড়েছে তাঁদের আড়াই মাস বয়সী কন্যাশিশুটি, যার জীবনের শুরুতেই মায়ের স্নেহ থেকে বঞ্চিত হতে হলো।

এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, আয়সা সিদ্দিকার মৃগীরোগ ছিল। পুকুরে গোসল করতে নেমে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost