
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন যাত্রাপথে গাড়ি থামিয়ে টং দোকানে চা পান ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেছেন। এ ঘটনায় এলাকার সর্বত্র প্রশংসা কুড়াচ্ছেন তিনি। বৃহস্পতিবার (৬ আগস্ট) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, ৫ আগস্টে বরিশাল বিভাগীয় শহরে জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠান শেষে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন তথ্যমন্ত্রী। পথিমধ্যে গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড গাড়ি থামিয়ে রাস্তার পাশে একটি টং দোকানে ঢুকে চা পান করেন তিনি। এসময় দোকানে আগে থেকেই অবস্থানরত স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং চা পান শেষে ঢাকার উদ্দেশে চলে যান তিনি।
চা দোকানি আকতার হোসেন জানান, আমি ভাবতেইে পারিনি তার মতো একজন গুরুত্বপূর্ণ লোক আমার দোকানে এসে চা পান এবং আমাদের সঙ্গে কুশল বিনিময় করবেন।
সাবেক ছাত্রদল নেতা ও ভুরঘাটার বাসিন্দা এনাম তালুকদার জানান, গতকাল বিকেল ৫টার দিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী যাত্রাপথে বৃষ্টি উপেক্ষা করে ভুরঘাটা বাসস্ট্যান্ডে গাড়ি থামিয়ে টং দোকানে বসে চা পান করেছেন এবং স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন। ওনার মতো একজন মন্ত্রী এভাবে টং দোকানে বসে চায়ের আড্ডা দেবেন এটা আমরা কল্পনাও করতে পারিনি।