
বরিশাল জেলার কাজিরহাট থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আতাউর হাওলাদারকে দীর্ঘ ২৩ বছর পর ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে কাজিরহাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ভাসানচর ইউনিয়নের কাদামাখা গ্রামের আব্দুল কাদেরের ছেলে আতাউর হাওলাদারের বিরুদ্ধে একটি হত্যা মামলায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। মামলাটি দীর্ঘদিন বিচারাধীন থাকার পর সাক্ষ্য—প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন। এরপর থেকেই তিনি গ্রেপ্তার এড়িয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
কাজিরহাট থানা সূত্রে আরও জানা যায়, গত ৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে কাজিরহাট থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই মমিন ও এসআই আনিসের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকায় অভিযান পরিচালনা করে। পরে রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে আতাউর হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে কাজিরহাট থানায় নিয়ে আসা হয় এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মূলে বরিশাল আদালতে সোপর্দ করা হয়।
এদিকে, দীর্ঘদিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার হওয়ায় কাজিরহাট থানার ভাসানচর ইউনিয়নসহ আশপাশের এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানান। তারা পুলিশের এ সফল অভিযানের প্রশংসা করেছেন।