
ভোলার মনপুরায় মাদ্রাসায় পড়ুয়া ষষ্ঠ শ্রেণির ১২ বছর বয়সী এক শিশুকে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে মো. সুমন (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে মনপুরা থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে রান্না করা তরকারি গরম করার জন্য শুকনো নারকেল পাতা আনতে বাড়ির পেছনে যায় শিশুটি। এ সময় সুমন তার মুখ চেপে ধরে পাশের একটি বাড়ির রান্নাঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
শিশুটির পরিবারের ভাষ্য, ঘটনার আগে তার মা পাশের বাড়িতে তালিমে যান। পরে সন্ধ্যার দিকে তরকারি গরম করার জন্য শিশুটিকে শুকনো পাতা আনতে পাঠানো হয়। এ সময় অভিযুক্ত যুবক তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে শিশুটি বিষয়টি তার এক বান্ধবীকে জানায়। ওই বান্ধবীর মাধ্যমে ঘটনাটি জানতে পারেন শিশুটির মা। এরপর স্থানীয় ইউপি সদস্যের পরামর্শে বৃহস্পতিবার থানায় গিয়ে মামলা করেন তিনি।
শিশুটির মা বলেন, ঘটনার দিন তিনি পাশের বাড়িতে তালিমে গিয়েছিলেন। পরে মেয়েকে রান্নার কাজে পাঠানোর পর তার সঙ্গে জোরপূর্বক ‘খারাপ কাজ’ করা হয়েছে বলে জানতে পারেন। বিষয়টি প্রথমে মেয়ের এক বান্ধবীর কাছ থেকে জানতে পারেন বলেও জানান তিনি।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, অভিযুক্ত সুমন মাদক সেবনে আসক্ত বলে এলাকায় আলোচনা রয়েছে। ঘটনার পর শিশুটির পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর অভিযোগও করেছেন তারা। তবে এসব অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মামলার বিষয়টি নিশ্চিত করে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।