
বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর এলাকার অম্বিকাপুরে অভিযান চালিয়ে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে মেহেন্দিগঞ্জ থানার উপ—পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার অম্বিকাপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মো. আউয়াল জমাদ্দারের বসতঘরের পেছনে রান্নাঘর—সংলগ্ন পুকুরপাড়ে গাঁজা বিক্রির সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. আউয়াল জমাদ্দার (৬১), পিতা: মৃত আব্দুর রব জমাদ্দার, অম্বিকাপুর, মেহেন্দিগঞ্জ পৌরসভা এবং লক্ষ্মণ বাবু (৪০), পিতা: মনোরঞ্জন বেপারী, গ্রাম: লস্করপুর, ২ নম্বর ওয়ার্ড, ৩ নম্বর চর এককরিয়া ইউনিয়ন, মেহেন্দিগঞ্জ উপজেলা, বরিশাল।
অভিযানকালে তাদের কাছ থেকে মোট ১ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার আনুষ্ঠানিকতা শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।