রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
বরিশালে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা, হয়রানি, জোরপূর্বক জমি দখলচেষ্টা এবং মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে অ্যাডভোকেট জাকির হোসেনের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি বরাবর লিখিত আবেদন জানিয়েছেন ভুক্তভোগী মো. রেজাউল হক বাবলু।
ভুক্তভোগী মো. রেজাউল হক বাবলু ঢাকাতে কর্মরত একজন চাকুরিজীবী এবং বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন কাউনিয়া চানমারী এলাকার স্থায়ী বাসিন্দা।
আবেদনে জানা যায়, কাউনিয়া এলাকায় মো. রেজাউল হক বাবলু’র মালিকানাধীন ও ভোগদখলীয় প্রায় ৬ শতাংশ জমি জবরদখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে অ্যাডভোকেট জাকির হোসেন ও তার সহযোগীরা নানা ষড়যন্ত্র ও হয়রানি চালিয়ে আসছেন। ভুক্তভোগীর জমিতে কোনো রাস্তার অস্তিত্ব না থাকলেও বিবাদীপক্ষ জোরপূর্বক যাতায়াত করার চেষ্টা করে। এতে বাধা দিলে ভুক্তভোগীর পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে নানারূপ নোংরামি ও কুৎসা রটানো হয়।
এই বিষয়ে ২০২৪ সালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (নং— ৯৯০/২৪) দায়ের হলে আদালত উভয়পক্ষকে সমঝোতা ও ল্যান্ড সার্ভেয়ারের মাধ্যমে জমি পরিমাপের নির্দেশ দেন। কিন্তু অভিযোগ রয়েছে, আদালতের সেই নির্দেশনা অমান্য করে জাকির হোসেন ভুক্তভোগীর বাড়িতে হামলা ও দখলের চেষ্টা অব্যাহত রাখেন। পরবর্তীতে ভুক্তভোগী বাবুল বাদী হয়ে কাউনিয়া থানায় একটি মারপিটের মামলা (নং— ১৬/২০২৫) দায়ের করেন। এর জের ধরে ভুক্তভোগীকে চাপে রাখতে জাকির হোসেন প্রভাব খাটিয়ে সিনিয়র সহকারী জজ আদালতে একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা (নং— ৩৭১/২০২৫) দায়ের করেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত এক সালিশ বৈঠকে সীমানা নির্ধারণ করে দেওয়া হলেও, গভীর রাতে জাকির হোসেন তার লোকজন নিয়ে সেই সীমানা পিলার ভেঙে ফেলেন বলে অভিযোগে জানা যায়।
সর্বশেষ গত ৯ মে ২০২৬ তারিখ রাতে ভুক্তভোগী মো. বাবুল ঢাকায় অবস্থানকালীন সময়ে অ্যাডভোকেট জাকির হোসেন, তার স্ত্রী, সন্তানসহ স্থানীয় কিশোর গ্যাং ও বহিরাগতদের নিয়ে উক্ত জমিতে দেয়াল নির্মাণের চেষ্টা চালান। এতে বাবুলের সন্তান বাধা দিলে তাকে গালিগালাজ ও মারধর করা হয়। এই ঘটনায় কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং—৪০৫) করা হয়।
পরবর্তীতে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) উভয়পক্ষকে বিরোধ নিষ্পত্তির পরামর্শ দিয়ে জমিতে সব ধরনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু থানার নির্দেশ অমান্য করে জাকির হোসেন পুনরায় রাতের আঁধারে অবৈধ বাউন্ডারি দেয়াল নির্মাণের কাজ সম্পন্ন করেন বলে আবেদনে বলা হয়েছে।
লিখিত আবেদনে আরও উল্লেখ করা হয়, অ্যাডভোকেট জাকির হোসেনের বিরুদ্ধে ইতিপূর্বেও জমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, অর্থ আত্মসাৎ ও সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগে স্থানীয় গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। দৈনিক “আজকের সময়ের বার্তা” পত্রিকায় “বরিশালে জামায়াত নেতা জাকির হোসেনের বিরুদ্ধে মামলা—হয়রানি ও জমি দখলের অভিযোগ” এবং “সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে জামায়াত নেতা জাকিরের হুমকি” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়, যেখানে বিভিন্ন ভুক্তভোগীর অভিযোগ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছিল।
বর্তমানে ভুক্তভোগী মো. বাবুল ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন এবং যেকোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। এই পরিস্থিতিতে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত আইনজীবী জাকির হোসেনের বিরুদ্ধে আইনজীবী সমিতির বিধি অনুযায়ী কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতির নিকট বিনীত অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী।