শুক্রবার, ১০ Jul ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ২০২৫ সালের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছেন পটুয়াখালী জেলা জজ আদালত। গতকাল বুধবার সকালে আদালতে হাজির হলে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো পাঁচ আসামি হলেন গৌতম রায়, কাজী আজাদ, শাহজাহান, জাকির হোসেন ভূট্টো ও রমিজ মোল্লা।
জানা গেছে, পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নে ২০২২ সালের ৬ মার্চ ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ এবং শ্রমিক লীগের নেতা—কর্মীরা ককটেল বিস্ফোরণ, মঞ্চ ভাঙচুর ও মালামাল লুটপাট করেন এবং বিএনপির নেতা—কর্মীদের মারধর করে আহত করার অভিযোগ আনা হয়।
ওই ঘটনায় বেতাগী সানকিপুর ইউনিয়নের সভাপতি সবুজ ঢালি বাদী হয়ে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি ৪৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪০—৫০ জনকে আসামি করে এজাহার করেন।
মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন বলে খবরে বলা হয়েছে। পরে তাঁরা হাইকোর্ট থেকে দুই মাসের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর গতকাল পটুয়াখালী জেলা জজ আদালতে হাজির হলে বিচারক তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বিএনপি সভাপতি সবুজ ঢালি বাদী হয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৪৮ জন ও অজ্ঞাতনামা ৪০—৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় পাঁচজন জেলা জজ আদালতে হাজির হলে মহামান্য বিচারক তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। কাগজ হাতে পাইনি।’