
ঝালকাঠির নলছিটিতে পূর্বশত্রুতার জেরে বিষ প্রয়োগ করে তিনটি গরু হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একটি গরু অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের চরকয়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য হাসান বিশ্বাস এ অভিযোগ করেছেন।
হাসান বিশ্বাস জানান, তার মাছের ঘেরসংলগ্ন একটি খামারে গরু লালন—পালন করা হয়। বুধবার রাতে খামারের কর্মচারী তিনটি গরুকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে তাকে খবর দেন। খবর পেয়ে তিনি খামারে যাওয়ার আগেই একে একে তিনটি গরু মারা যায়। অপর একটি গরুও অসুস্থ অবস্থায় রয়েছে।
তিনি আরও জানান, মৃত গরুগুলোর মুখ দিয়ে অস্বাভাবিকভাবে ফেনাযুক্ত লালা বের হচ্ছিল। এ কারণে ধারণা করা হচ্ছে, বুধবার বিকেলে গরুর খাবারের সঙ্গে কেউ বিষাক্ত কোনো পদার্থ মিশিয়ে থাকতে পারে। মারা যাওয়া তিনটি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, “বিষ প্রয়োগে গরু হত্যার ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”