
পিরোজপুরের সদর উপজেলায় বাড়ির সামনে ব্যাটারিচালিত অটোরিকশায় বসে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় নজরুল শেখ (৪৫) নামের এক চালক নিহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পিরোজপুর সদরের ভৈরমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল শেখ ভৈরমপুর গ্রামের প্রয়াত ছত্তার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৬টার দিকে নির্মাণসামগ্রী বোঝাই একটি ট্রাক পিরোজপুর সদরের ভৈরমপুর এলাকা দিয়ে যাওয়ার সময় নজরুল শেখের অটোরিকশায় পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়েন। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। লিখিত অভিযোগ পাওয়া গেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।