
পিরোজপুর সদর উপজেলায় বাড়ির সামনে অটোরিকশায় বসে থাকা অবস্থায় নির্মাণসামগ্রী বোঝাই ট্রাকের ধাক্কায় নজরুল শেখ (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার ভৈরমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল শেখ ওই গ্রামের মৃত ছত্তার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নজরুল শেখ বাড়ির সামনে নিজের অটোরিকশায় বসে ছিলেন। এ সময় নির্মাণসামগ্রী বোঝাই একটি ট্রাক পেছনের দিকে যাওয়ার সময় অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালক অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।