মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
বরিশাল নগরীর ঐতিহ্যবাহী পরেশ সাগর মাঠে আয়োজিত বাণিজ্য মেলা বন্ধে নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট। আদালতের এ নির্দেশনার পর মেলাকে কেন্দ্র করে নগরজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
জানা গেছে, পরেশ সাগর মাঠে বাণিজ্য মেলা আয়োজনকে কেন্দ্র করে জনদুর্ভোগ, পরিবেশ ও মাঠের স্বাভাবিক ব্যবহার ব্যাহত হওয়ার অভিযোগে সংশ্লিষ্ট বিষয়ে আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে মহামান্য হাইকোর্ট মেলা কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাঠটিতে বিভিন্ন বাণিজ্যিক আয়োজনের কারণে ক্রীড়া ও সাধারণ মানুষের অবাধ চলাচল ব্যাহত হচ্ছিল। বিশেষ করে শিশু-কিশোরদের খেলাধুলা এবং সামাজিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল বলে দাবি করেন তারা।
২০২৪ সালের প্রজ্ঞাপনে স্কুল-কলেজের মাঠ বা তার আশপাশে কোনো ধরনের মেলা আয়োজন না করার নির্দেশনা থাকলেও, তা অমান্য করে এই অনুমতি দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে জনস্বার্থে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় হাইকোর্টের ১৭ নম্বর বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের খেলার মাঠে মেলার আয়োজন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অমান্য করে মেলার অনুমতি দেওয়ায় শুরু থেকেই এর প্রকাশ্যে বিরোধিতা করে আসছিল একটি মানবাধিকার সংগঠন। সংগঠনটির পক্ষ থেকে প্রথমে জেলা প্রশাসককে মৌখিকভাবে বিষয়টি জানানো হয় এবং পরে লিখিত আবেদন জমা দেওয়া হয়।
এদিকে আদালতের নির্দেশনার পর সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ মেলা কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে।
তবে এ বিষয়ে আয়োজক কর্তৃপক্ষ কিংবা প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।