, , ,
মাদারীপুরের ক্লুলেস হত্যা মামলার আসামি ঝালকাঠি থেকে গ্রেপ্তার

মাদারীপুরের ক্লুলেস হত্যা মামলার আসামি ঝালকাঠি থেকে গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনীতে সংঘটিত চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব—৮। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনের মামলাসহ মোট ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বুধবার (২০ মে) দুপুরে ঝালকাঠি সদর উপজেলার বিকোনিয়া এলাকায় অভিযান চালিয়ে লিটন মাতুব্বর (৪৬) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আকনকান্দা গ্রামের শাহজাহান মাতুব্বরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব—৮ বরিশালের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

র‌্যাব জানায়, গত ১ এপ্রিল দুপুর ১টার দিকে মাদারীপুরের কালকিনীর কালাই সরদারের চর এলাকার একটি আম বাগানের পাশে ঘাসের স্তুপ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে লিটন মাতুব্বরের সম্পৃক্ততার প্রমাণ পায় তদন্তকারী কর্মকর্তা। পরে তাকে গ্রেপ্তারের জন্য বরিশাল র‌্যাব—৮ এর কাছে অধিযাচনপত্র পাঠায় থানা পুলিশ।

এরপর তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব—৮ বুধবার দুপুরে ঝালকাঠির বিকোনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার লিটন মাতুব্বরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, দস্যুতা এবং অস্ত্র আইনসহ বিভিন্ন অপরাধে মোট ১৮টি মামলা রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost