মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এক কর্মী। সোমবার সকালে ঝালকাঠির রাজাপুর উপজেলার বরিশাল—ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের বলাইবাড়ী গ্রামের খোন্নারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিহাব উদ্দীন বরিশালের গৌরনদীর মাহিলাড়া এলাকার মাকসুদুর রহমানের ছেলে। তিনি ভান্ডারিয়ায় কর্মরত ছিলেন। ঈদের ছুটি কাটাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সড়কের পাশ থেকে হঠাৎ মহাসড়কে উঠতে থাকা একটি ভেকু মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সিহাব উদ্দীন ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে স্বজন ও সহকর্মীরা ঘটনাস্থলে ভিড় করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন বিশ্বাস বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া ধীন। ভেকু চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।