বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

শিরোনাম
সিরাজগঞ্জে ‘৪০০ বছর বয়সী’ জিনের বাদশা গ্রেপ্তার বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা ভান্ডারিয়ায় বিডি ক্লিন এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালন মঠবাড়িয়ায় অবৈধ চাক ও চায়না দুয়ারী জাল বিক্রির দায়ে ৩ জনের জরিমানা, প্রায় দুই লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় বাধা, অতি উৎসাহী নেতাদের চিহ্নিত করার নির্দেশ বিএনপির আমতলীতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার নলছিটিতে মাদকবিরোধী সোসাইটির সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জনবল সংকটে কাউখালী মহিলা বিষয়ক অধিদপ্তর সেবা থেকে বঞ্চিত উপকারভোগীরা শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
সিরাজগঞ্জে ‘৪০০ বছর বয়সী’ জিনের বাদশা গ্রেপ্তার

সিরাজগঞ্জে ‘৪০০ বছর বয়সী’ জিনের বাদশা গ্রেপ্তার

নিজেকে চারশত বছর বয়সী অলৌকিক ক্ষমতার অধিকারী ‘জিনের বাদশা’ দাবি করে শতাধিক মানুষের কাছ থেকে ২১ লাখ টাকা হাতিয়ে নেওয়া এক অভিনব প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম আব্দুল হামিদ।

মঙ্গলবার সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, অভিযুক্ত আব্দুল হামিদ মূলত দুই উপায়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলতেন। তিনি একদিকে নিজেকে ৪০০ বছর বয়সী জিনের বাদশা পরিচয় দিয়ে মানুষকে নানা রকমের অলৌকিক ভয়ভীতি ও হুমকি দেখাতেন।

অন্যদিকে, চতুর এই যুবক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সময়ে ছদ্মনামে একাধিক মোবাইল অ্যাপ চালু করতেন। এরপর সেসব অ্যাপের মাধ্যমে ঘরে বসেই উচ্চ মুনাফা বা বেশি আয়ের লোভ দেখিয়ে বেকার যুবক ও সাধারণ মানুষের কাছ থেকে বড় অঙ্কের টাকা আমানত হিসেবে সংগ্রহ করতেন। টাকা জমা নেওয়ার কিছুদিন পর তিনি পুরোনো অ্যাপটি বন্ধ করে দিতেন এবং নতুন আরেকটি অ্যাপ খুলে আবারও সাধারণ মানুষকে বিনিয়োগের আহ্বান জানাতেন। এভাবে তিনি প্রায় ১০০ জন মানুষের কাছ থেকে মোট ২১ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, আব্দুল হামিদের প্রতারণার শিকার এক ভুক্তভোগী নারী সম্প্রতি সিরাজগঞ্জ সদর থানায় একটি লিখিত মামলা দায়ের করেন। সেই মামলার সূত্র ধরে পুলিশি অভিযানে সলঙ্গা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হামিদ জিনের বাদশা সেজে এবং অ্যাপের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অপরাধের কথা স্বীকার করেছেন। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

উক্ত সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost