গত ২ জুন, বাংলাদেশ বার কাউন্সিলের হিউম্যান রাইটস কমিটির চেয়ারম্যান বরাবর এই আইনি সুরক্ষা ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানান বরিশালের আঞ্চলিক দৈনিক ‘আজকের সময়ের বার্তা’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম লোকমান হোসাইন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ মে, ২০২৬ ইং তারিখে দৈনিক ‘আজকের সময়ের বার্তা’ পত্রিকায় আইনজীবী মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে “জোরপূর্বক জমি দখলসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি” সংক্রান্ত একটি অনুসন্ধানী ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে বিবাদী আইনজীবী জাকির হোসেন প্রথমে উক্ত পত্রিকার মাঠপর্যায়ের একজন রিপোর্টারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
পরবর্তীতে, গত ২২ মে সকালে পত্রিকার সম্পাদক এম লোকমান হোসাইন মোবাইল ফোনের মাধ্যমে ঘটনার কারণ জানতে চাইলে আইনজীবী জাকির হোসেন পেশাগত আচরণ পরিপন্থী আচরণ করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ সম্পাদককে প্রকাশ্য দিবালোকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। এ ঘটনায় নিজের ও সহকর্মীদের নিরাপত্তা চেয়ে গত ২৬ মে, ২০২৬ ইং তারিখে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১১৮০) দায়ের করেন সম্পাদক লোকমান হোসাইন।
শারীরিক হুমকির পাশাপাশি সাংবাদিক ও সংবাদপত্রকে স্তব্ধ করতে আইনজীবী জাকির হোসেন ক্ষমতার অপব্যবহার করে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে একটি মিথ্যা ও হয়রানিমূলক নালিশী দরখাস্ত (সাইবার পিটিশন মামলা নং-১২৭/২০২৬) দায়ের করেন।
তবে, গত ২৪ মে, ২০২৬ ইং তারিখে বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শরমিন জাহান মামলাটির নালিশী দরখাস্ত ও কাগজপত্র পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেন। সাংবাদিক এম লোকমান হোসাইনের বিরুদ্ধে ডিজিটাল বা সাইবার অপরাধের কোনো প্রাথমিক সত্যতা না পাওয়ায় এবং অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রমাণিত হওয়ায়, আদালত তাঁকে মামলার দায় হতে সম্পূর্ণ অব্যাহতি (Discharge) প্রদান করেন।
আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত হওয়ার পর আইনজীবী জাকির হোসেন আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বিভিন্ন প্রভাবশালী মহলের দোহাই দিয়ে নতুন করে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগপত্রে সম্পাদক এম লোকমান হোসাইন উল্লেখ করেন,
“একজন আইনের সেবক হয়ে সাইবার সুরক্ষা আইনের মতো স্পর্শকাতর আইনের অপপ্রয়োগ করা এবং স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করা ‘বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার ও রুলস’ (Canons of Professional Conduct and Etiquette)-এর চরম লঙ্ঘন। বর্তমানে আমি ও আমার সংবাদকর্মীরা চরম জীবননাশ ও পেশাগত নিরাপত্তাহীনতায় ভুগছি।”
আবেদনে সাংবাদিক ও সংবাদকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনজীবী সুলভ আচরণ পরিপন্থী ও ক্ষমতার অপব্যবহারকারী মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিতে বাংলাদেশ বার কাউন্সিলের প্রতি আবেদন জানানো হয়েছে।
এছাড়া জাকিরের বিরুদ্ধে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।