বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার মঠবাড়িয়া ৬০ দিনে ১৯ জনের অস্বাভাবিক মৃত্যু কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন কাউখালীতে বেকুটিয়া সেতুর নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদ/ প্রশাসনের অভিযান কাউখালীতে ৭ বছরেও শেষ হয়নি ১ কোটি ১৪ লাখ টাকার গার্ডার ব্রিজ সুপারি গাছের সাঁকো পেরিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০ শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক কারাগারে থানায় যাবার পথে বিএম কলেজের শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা মুলাদীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু।
কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

পিরোজপুরের কাউখালীতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বুধবার (১ জুলাই) কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বর্তমানে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত এক মাসে হাসপাতাল থেকে মোট ২৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১২ জন পুরুষ ও ১৬ জন নারী। বর্তমানে ভর্তি রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, উপজেলার পুরাতন ডাকবাংলো এলাকা, হাসপাতালের আশেপাশে, উপজেলার বিভিন্ন খালি জায়গা ও ড্রেনেজ ব্যবস্থার আশপাশে ময়লা—আবর্জনা জমে থাকায় মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত পরিষ্কার—পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত না হওয়ায় ডেঙ্গু বিস্তারের ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন তারা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীরা বলেন, কয়েকদিন ধরে জ্বর, শরীর ব্যথা ও দুর্বলতা অনুভব করছিলাম। পরে পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। সবাইকে সচেতন থাকতে হবে এবং জ্বর হলে দ্রুত পরীক্ষা করাতে হবে।

কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার বলেন, উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হতে হবে। বাসাবাড়ির আশপাশে কোথাও যেন তিন দিনের বেশি পরিষ্কার পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছি।

তিনি আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু স্বাস্থ্য বিভাগের উদ্যোগ যথেষ্ট নয়। স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। তাহলেই ডেঙ্গু বিস্তার রোধ করা সম্ভব হবে।

স্থানীয় সচেতন মহল ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost