বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

বরিশাল মেট্রোপলিটনের ৩ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

বরিশাল মেট্রোপলিটনের ৩ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

অনুমোদন ছাড়াই ভুয়া বিল ভাউচার তৈরি করে টাকা উত্তোলনের অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সদর দপ্তর) আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার (৬ জুলাই) বিএমপি সদর দপ্তরের উপপুলিশ কমিশনার আব্দুল হান্নান এ সংক্রান্ত এক আদেশ জারি করেন।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন— বিএমপির হিসাব শাখায় কর্মরত কম্পিউটার অপারেটর কনস্টেবল মো. মারুফ হাসান, নন—গেজেটেড ভ্রমণ ব্যয় বিল শাখার কনস্টেবল জয়দেব কুমার মজুমদার এবং মেট্রো কোর্ট পুলিশের কনস্টেবল মো. সঞ্জীব মিয়া।

অফিস আদেশে বলা হয়েছে, বিএমপির হিসাব শাখার তদন্তে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে, তিন কনস্টেবল যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই আইবাস প্লাস পদ্ধতিতে ভুয়া বিল তৈরি ও দাখিল করেন। ওই বিলের মাধ্যমে ১৮ লাখ ৬০ হাজার ১৮৪ টাকা কমিউনিটি ব্যাংকের একটি অ্যাকাউন্টে পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হয়।

তবে ব্যাংকে অর্থ পরিশোধের আগেই বিষয়টি শনাক্ত হয়। পরে হিসাব শাখার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি পুলিশ কমিশনারের নজরে আনা হলে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা বিধিমালা অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন এবং বিএমপি লাইন্সে সংযুক্ত থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলবেন।

উপকমিশনার আব্দুল হান্নান বলেন, অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ায় তিনজনকে আপাতত সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost