বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক যুবককে আটকে রেখে এক লাখ টাকা চাঁদা দাবি এবং ৩০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে কেএম ইলিয়াস সাদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, টাঙ্গাইলের বাসিন্দা মো. ইমন (২২) পরিচিত এক পরিবারের বাসায় বেড়াতে এলে অভিযুক্ত ইলিয়াস তাকে অবৈধ সম্পর্কের অপবাদ দিয়ে ভয়ভীতি দেখান। পরে সহযোগীদের নিয়ে তাকে আটকে রেখে এক লাখ টাকা দাবি করা হয়। প্রাণনাশের হুমকির মুখে ইমনের বড় ভাই বিভিন্ন বিকাশ নম্বর থেকে ইমনের ব্যক্তিগত বিকাশ নম্বরে ৩০ হাজার টাকা পাঠানোর পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় প্রবাসীর স্ত্রী মোসা. সুমি আক্তার বাদী হয়ে ইলিয়াসকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ২–৩ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করেন। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ইলিয়াসকে গ্রেপ্তার করে পুলিশ।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, একজনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, যাকে গ্রেফতার করা হয়েছে কয়েক মাস আগে প্রতারনা মামলায় জেল খেটে জামিনে আসছে।