
ঝালকাঠির রাজাপুর উপজেলার পৃথক দুটি ডাকাতি মামলায় গ্রেফতার চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।
পুলিশ জানায়, সম্প্রতি উপজেলার চাড়াখালী ও উত্তর বাগড়ি এলাকায় পরপর দুই রাতে ডাকাতির ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে রাজাপুর থানায় পৃথক দুটি মামলা হয়।
মামলার তদন্তে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকা এবং কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালী গ্রামের জুয়েল মৃধা (৪২), বাদুরতলী গ্রামের রাশেদুল হোসেন (২৫), মিরুখালী গ্রামের হাসান হাওলাদার (৩০) এবং ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বাশবুনিয়া গ্রামের শাহ আলম সিকদার (৪৫)।
পুলিশ সূত্রে জানায়, রাজাপুর থানার একটি ডাকাতি মামলায় জুয়েল মৃধা, রাশেদুল হোসেন ও হাসান হাওলাদারকে এবং অপর মামলায় শাহ আলম সিকদারকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাদের রাজাপুর থানায় হস্তান্তর করা হয়। আদালতে হাজির করা হলে বিচারক চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওসি সুজন বিশ্বাস বলেন, পৃথক দুটি ডাকাতি মামলার চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে। এ দুই ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।